আজকাল আর ঘুম আসেনা, গল্পই শুনি একঘেয়ে বুক পকেটে লুকোনো যত সম্পর্কের ঘাড় বেয়ে। ঝাপসা দেওয়ালে দাগ কেটে রোজ কি খুঁজি কে জানে তবুও নেশায়ে সাঁৎরে উঠি লাল বরফের মাঝখানে। রোজকার এই বাইপাস ধরে জাতায়াত আর ঘর ফেরা দম্কলে স্নান করছে শহর ভিজে স্যাঁত্স্যাঁতে স্বপ্নেরা। লক্ষ্যের আমি খুব কাছে আজ, টপকাই সব মাত্রা কে, উল্টে দেখি ফেলে আসা পথ ঢাকা পোড়ে আছে ছত্রাকে। হারিয়ে যাই নিজেরই ভিড়ে, চিনতে পারিনা মুখ আয়নায় দেখি অচেনা কাউকে, সেও তো খুঁজছে সুখ। কোথায় পালাবে কতদূর বলো কোথায় হারাবে নাম তোমার আমার ঘামেতে মেশানো মৃত স্বপ্নের দাম আজকে না হয় ঘুম কেড়ে নিক বিকিয়ে যাওয়া যন্ত্রেরা আজকে না হয় জ্বলতে থাকুক বিচার চাওয়ার মন্ত্রেরা শহর জুড়ে মিথ্যে মিছিল, বিসর্জনের আনন্দে পরাজিত এই শরীর মেশে বিদীর্ণ এক গন্ধে।। - ঋতজ্যোতি রায়